চমক নিয়ে অনুশীলন শুরু টাইগারদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সালমান আলি-শাহিন আফ্রিদিদের হারিয়ে সর্বশেষ আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করেছে টাইগাররা। দশম থেকে নবম স্থানে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজ-লিটন দাসরা। ৪১টি ম্যাচ খেলে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ বর্তমানে এই অবস্থানে। এবার র‌্যাংকিংয়ে আরো উন্নতির সুযোগ সামনে এসেছে বাংলাদেশের।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী মাসে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সাদা বলের লড়াইকে সামনে রেখে গতকাল প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা। ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর জোর দিয়ে শুরু হয়েছে অনুশীলন। এবার অভিজ্ঞদের পাশাপাশি নির্বাচকরা বেশ কিছু নতুন মুখকেও পরখ করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম সপ্তাহ ফিটনেস নিয়ে কাজের পর শুরু হবে ব্যাট-বলের মূল স্কিল ট্রেনিং।

অনুশীলন ক্যাম্পে এবার বড় চমক স্পিন অলরাউন্ডার এস এম মেহেরব হোসেন। প্রথমবারের মতো ক্যাম্পে ডাক পেয়েছেন। মেহেরব একজন উদীয়মান তরুণ স্পিন অলরাউন্ডার। তিনি মূলত একজন ডান হাতি অফ-ব্রেক বোলার ও বাঁ হাতি ব্যাটার। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সে নজর কেড়ে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি।

২০১৮-১৯ জাতীয় ক্রিকেট লিগ প্রতিযোগিতায় সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল রুয়েল মিয়ার। ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-২০ ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে অভিষেক হয় তার। এনসিএলে এবার উজ্জ্বল পারফর্ম্যান্স করায় ডাকা হয়েছে রুয়েল মিয়াকে। এ ছাড়া দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ফেরা তানজিম হাসান সাকিব এবং মাহমুদুল হাসান জয়। নির্বাচকরা চাইছেন ব্যাক-আপ ক্রিকেটারদের একটি শক্তিশালী গ্রুপ তৈরি করতে, যাতে বড় আসরের আগে দলের গভীরতা বাড়ে।

আবদুল গাফফার সাকলাইন একজন ডান হাতি ব্যাটার। ডান হাতি মিডিয়াম পেস বোলারও। তিনি ২০২৫ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন। যেখানে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল। অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে এই অলরাউন্ডারকেও।

অনুশীলন ক্যাম্পে গতকাল উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও বিসিবি কোচ সোহেল ইসলাম। ফিজিও ও ট্রেইনিং স্টাফদের কড়া নজরে কন্ডিশনিং সেশনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা।

সাদা বলের দুই সিরিজে খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে হবে সিরিজের প্রথম দু’টি ওয়ানডে। এরপর শেষ ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে। সেখানেই টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল খেলবে দুই দল। ২ মে ঢাকায় সিরিজের শেষ ম্যাচ খেলে সফর শেষ করবে নিউজিল্যান্ড।