কুমিরে টেনে নেয়া শিশুর লাশ উদ্ধার

Printed Edition

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ:) মাজার সংলগ্ন দীঘিতে কুমিরের হামলায় নিখোঁজ হওয়া আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন।

নিহত ফাতেমা (৮) বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে মাজারসংলগ্ন দীঘির নারী ঘাটে গোসল করতে নামলে একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহায়তায় রাতভর উদ্ধার অভিযান চালান। প্রায় সাড়ে ৮ ঘণ্টার অনুসন্ধানের পর মঙ্গলবার ভোরে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: মামুনুর রশিদ বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর শিশুটির লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে।