ক্রীড়া ডেস্ক
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘ডি’র ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি নিয়ে সতর্ক উভয়দলই।
‘গ্রুপ অব ডেথ’ হিসেবে পরিচিত গ্রুপ ডিতে সামান্য ভুলেও হতে পারে বড় বিপদ। তাই শুরুতেই গুরুত্বপূর্ণ জয় তুলে নিতে মরিয়া দুই দলই।
টি-২০ বিশ্বকাপে আগের দুই দেখায় ১-১ এ সমতায় রয়েছে দুই দল। ২০২১ সালে নিউজিল্যান্ড ৮ উইকেটে জিতেছিল। তবে ২০২৪ আসরে আফগানিস্তান অবিশ্বাস্যভাবে নিউজিল্যান্ডকে মাত্র ৭৫ রানে অলআউট করে বড় চমক দেখায়। দুই ম্যাচেই ট্রেন্ট বোল্ট ছিলেন সবচেয়ে সফল বোলার, নিয়েছেন মোট পাঁচ উইকেট।
আফগানিস্তান আগের আসরের সেরা পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। ২০২৪ বিশ্বকাপে তারা প্রথমবার সেমিফাইনালে উঠেছিল। যদিও দক্ষিণ আফ্রিকার কাছে বিদায় নিতে হয়। অন্য দিকে গত আসরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ায় এবার ঘুরে দাঁড়াতে চায় ব্ল্যাক ক্যাপসরা। ২০২১ সালে রানার্সআপ হওয়া দলটির লক্ষ্য আবারো বড় মঞ্চে নিজেদের প্রমাণ করা।
জয় নিয়ে আশাবাদী রশিদ খান জানিয়ছেন, ‘নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা সবসময়ই বড় চ্যালেঞ্জ। তারা অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফর্ম করে আসছে। তবে আমরা আত্মবিশ্বাসী, গত কয়েক বছরে আফগানিস্তান দল অনেক পরিণত হয়েছে এবং আমরা বড় ম্যাচ খেলতে জানি।’ গত বিশ্বকাপের পারফরম্যান্স আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এই গ্রুপটা খুব কঠিন, এখানে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই ভালো ক্রিকেট খেলতে হবে।
অন্য দিকে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার আফগানিস্তানকে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী আখ্যা দিয়েছেন। তার মতে আফগান স্পিন বিভাগ বিশ্বের অন্যতম সেরা এবং রশিদ খান একজন ম্যাচ উইনার। চেন্নাইয়ের উইকেটও স্পিন সহায়ক।
তিনি আরো বলেন, গত আসরে আমরা প্রত্যাশামতো পারফর্ম করতে পারিনি, তাই এবার আমাদের লক্ষ্য শক্তভাবে ঘুরে দাঁড়ানো। দল হিসেবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং সবাই জানে প্রতিটি ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। ফিন অ্যালেন, ড্যারিল মিচেলের মতো ব্যাটাররা ভালো ছন্দে আছে এবং আমাদের বোলিং আক্রমণও ভারসাম্যপূর্ণ।
নিউজিল্যান্ড একটি মাত্র প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে। তবে ভারতের বিপক্ষে সিরিজ হারে চিন্তা থাকলেও এর থেকে ভালো প্রস্তুতি হতে পারত না বলে স্যান্টনার অভিমত দিয়েছেন।
অন্য দিকে আফগানিস্তান প্রস্তুতি ম্যাচে দুই জয় নিয়ে দারুণ ছন্দে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। ইব্রাহিম জাদরান ও অধিনায়ক রশিদ খান হতে পারেন ম্যাচের মূল পার্থক্য গড়ে দেয়া দুই তারকা।


