অনলাইন জুয়ার থাবায় কমলগঞ্জ

Printed Edition

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মোবাইল অ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটভিত্তিক অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। উপজেলার বিভিন্ন হাট-বাজার, চা-স্টল, মোড়ের দোকান, কম্পিউটার ও ফ্লেক্সিলোডের দোকানকে কেন্দ্র করে গড়ে উঠেছে সংঘবদ্ধ জুয়ার সিন্ডিকেট। সহজে গোপনে খেলা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ থাকায় তরুণ ও শিক্ষার্থীরা দ্রুত এই আসক্তির দিকে ঝুঁকে পড়ছে।

স্থানীয় সূত্র জানায়, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন কয়েকটি দোকান, আদমপুর রোডের রানী বাজার ও উপজেলা চৌমুহনী এলাকার কিছু দোকানে গোপনে চলছে ডিজিটাল জুয়ার আসর। বাইরে থেকে সাধারণ দোকান মনে হলেও ভেতরে স্মার্টফোনের মাধ্যমে বিদেশী অনলাইন ক্যাসিনো, ক্রিকেট ও ফুটবল ম্যাচে বাজি এবং বিভিন্ন জুয়ার অ্যাপে অর্থ লেনদেন করা হচ্ছে। বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ লেনদেন হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, এই জুয়ার ফাঁদে পড়ে রিকশাচালক, দিনমজুর, ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থীরাও অর্থ হারাচ্ছেন। অনেকেই জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন। এতে সামাজিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।

সচেতন নাগরিকরা বলেন, ‘মোবাইল জুয়া সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান ছাড়া এটি নিয়ন্ত্রণ সম্ভব নয়।’

কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ‘জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, প্রশাসন ও পুলিশ যৌথভাবে বিষয়টি মনিটরিং করছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।