ইরান যুদ্ধের জন্য ইরাকি মরুভূমিতে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরাইল

Printed Edition

রয়টার্স

যুদ্ধের সময় ইরানে আকাশ হামলার সুবিধার্থে ইরাকি মরুভূমিতে গোপন একটি সামরিক ঘাঁটি বানিয়েছিল ইসরাইল; ইরাকি সেনারা একপর্যায়ে ঘাঁটিটির অস্তিত্ব প্রায় ধরে ফেলায় তাদের ওপর বিমান হামলাও হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাসহ একাধিক ব্যক্তির বরাত দিয়ে শনিবার এ খবর দেয় ওয়াল স্ট্রিট জার্নাল।

খবরে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরুর আগে আগে ওয়াশিংটনকে জানিয়ে বানানো ওই ঘাঁটিতে ইসরাইলের বিশেষ বাহিনীর সদস্যরা ছিলেন। এটি ইসরাইলি বিমানবাহিনীর লজিস্টিক্যাল হাবের দায়িত্ব পালন করেছিল।

কোনো ইসরাইলি বিমান ভূপাতিত হলে তার চালককে উদ্ধারে দ্রুত অভিযানে যেতে সক্ষম অনুসন্ধান ও উদ্ধার বাহিনীর সদস্যদেরও ওই ঘাঁটিটিতে রাখা হয়েছিল। এ খবরের সত্যতা যাচাই করে দেখতে পারেনি রয়টার্স। এ সম্পর্কে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের সাড়া মেলেনি। মার্চের শুরুর দিকে ঘাঁটিটির অস্তিত্ব প্রায় প্রকাশ হয়ে যাচ্ছিল। সে সময় ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় এক মেষপালককে উদ্ধৃত করে ওই এলাকায় হেলিকপ্টারের যাতায়াতসহ অস্বাভাবিক সামরিক কর্মকাণ্ডের কথা জানিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে সেখানে ইরাকি সেনা পাঠানো হলেও ইসরাইল বিমান হামলা চালিয়ে তাদেরকে ঘাঁটি থেকে দূরে রাখে, যেন তারা এর অস্তিত্ব আবিষ্কার করতে না পারে, এক সূত্রের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মার্চের শেষদিকে ইরাক জাতিসঙ্ঘে অভিযোগ দিয়ে জানায়, তাদের ওপর ওই বিমান হামলায় বিদেশী সেনারা জড়িত ছিল। হামলার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছিল তারা; কিন্তু বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ইরাকি সেনাদের ওপর ওই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ছিল না।