ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দোতলা বাড়ির ছাদে কাজ করার সময় নিচে পড়ে রহিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিমা আক্তার ওই এলাকার হালিম মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিজ বাড়ির দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন রহিমা আক্তার। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
ধামরাইয়ে রোগীদের মধ্যে অর্থ বিতরণ
ঢাকার ধামরাইয়ে ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের ঐচ্ছিক ভাতা থেকে ৭৪ জন অসুস্থ রোগীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার ধামরাই উপজেলা পরিষদ হল রুমে এমপির পক্ষ থেকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) মো: আল মামুন অসুস্থ মানুষের মধ্যে নগদ টাকা বিতরণ করেন। এই বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান বাবু, এমপির পিএস ইসমাইল কবির ও আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখ। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।
লালপুরে মাটিখননের দায়ে জরিমানা
নাটোরের লালপুরে অবৈধভাবে মাটিখননের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভূমি প্রশাসন। গতকাল রোববার উপজেলার ঢুষপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি শামীমকে (৫০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই সময় রাত আড়াইটার দিকে উপজেলার কয়লারডহর নামক স্থানে অবৈধ ভাবে পদ্মা নদীর চর থেকে মাটিখননের অভিযোগে মো: মাহবুল ইসলামকে (৪১) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। লালপুর (নাটোর) সংবাদদাতা।
দাউদকান্দিতে হামলায় আহত ১০
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের নগরপাড় গ্রামে অবস্থিত বিশেষায়িত খেলার মাঠে ঈদুল আজহা উপলক্ষে ফুটবল ম্যাচে কলিযোগ গ্রামের খেলা চলছিল। একপর্যায়ে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে ত্রাসের মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়, ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। আহতরা জানায় এসময়ে টামটা গ্রামের কিছু উগ্র এবং উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন দর্শকের শরীর ও গায়ের জামা পুড়িয়ে আহত করে । উপস্থিত দর্শকরা এ ঘটনার প্রতিবাদ করলে টামটা গ্রামের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খেলার মাঠে এবং আশপাশে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারামারি শুরু করে। এতে আট দশজন মারাত্মকভাবে আহত হয়। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা।
সালথায় সংঘর্ষে আহত ২০
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার এ সংঘর্ষ হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কামাইদিয়া গ্রামের পান্নু শেখের চায়ের দোকানে লুডু খেলাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে সেই বিরোধকে কেন্দ্র করে স্থানীয় ইমারত মোল্লা ও শাহজাহান মৃধার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে একই গ্রামের ফারুক মুন্সী ও ইকরাম মাতুব্বরের প্ররোচনায় ইমারত মোল্লার পক্ষের লোকজন হাতুড়ি ও কাঠের বাটাম নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে শাহজাহান মৃধার পক্ষের অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে এনায়েত মৃধা (৪৫) গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।
সোনারগাঁওয়ে সংঘর্ষে হেলপার নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনকে কেন্দ্র করে পিকআপ চালক ও হেলপারের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ইমন হাসান (১৮) । এ ঘটনায় পিকআপ চালক এখলাসউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের আগের দিন গত বুধবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন হাসান সিদ্ধিরগঞ্জ থানার ইসদাইর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি একটি পিকআপের হেলপার হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পিকআপ চালকের বিকাশ অ্যাকাউন্ট থেকে আট হাজার ৫০০ টাকা উত্তোলনকে কেন্দ্র করে চালক এখলাসউদ্দিন ও হেলপার ইমনের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ইমন হাসান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পিকআপ চালক এখলাস উদ্দিনকে গ্রেফতার করে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
রাঙ্গুনিয়ায় সাপের দংশনে কৃষকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিষাক্ত সাপের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ ইউছুফ (৬০)। গত শুক্রবার রাতে চন্দ্রঘোনা পশ্চিম নতুন পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রামের পশ্চিম নতুন পাড়া গুমাইবিল সংলগ্ন এলাকায় গত শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রতিবেশী বাড়িতে ঈদের দাওয়াত শেষে ফেরার পথে বিষাক্ত সাপ দংশন করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরইছড়িতে নেয়া হয়। পরে অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।
ধর্ষণ মামলার আসামিসহ আটক ৩
ঝিনাইদহের শৈলকুপায় ধর্ষণ মামলার আসামিসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, ধর্ষণ মামলার আসামি হলেন উপজেলার পুঁটিমারি গ্রামের কামাল হোসেনের ছেলে প্রান্ত হোসেন, ধর্ষণের চেষ্টার আসামি নাগেরহাট গ্রামের আমজাদ হোসেন মিয়ার ছেলে কুদ্দুস মিয়া ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ভুলুনদিয়া গ্রামের আজমত আলীর ছেলে খেজমত আলী। শনিবার দিবাগত রাতে শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে এদেরকে নিজ নিজ গ্রাম থেকে আটক করে। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, ধর্ষণের মামলার আসামিসহ তিনজনকে আটক করে ঝিনাইদহ কোর্টে সোপর্দ করা হয়েছে। শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা।



