সিলেটে সাঁড়াশি অভিযানে ৩২ ঘণ্টায় আটক আরো ১১৮

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট মহানগর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযানেও চুরি-ছিনতাই ও অপকর্ম থেমে নেই। তবুও নগর এলাকায় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির অভিযান অব্যাহত রয়েছে। ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি ও চোরাচালানকারী রয়েছেন।

এর আগের ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছিল।

এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি ও চোরাচালানকারীসহ সর্বমোট ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে নিয়মিত মামলার আসামি ও সন্দেহভাজন ১২ জন, ওয়ারেন্টভুক্ত দুইজন ও মাদক কারবারি ছয়জন রয়েছেন। এ সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ৫৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ৫৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে, রোববার রাত ১২টার পর থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী আট ঘণ্টায় আরো পৃথক অভিযানে আরো ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি, একজন ওয়ারেন্টভুক্ত, ১৩ জন মাদকসেবী ও মাদক কারবারি, দুইজন চিহ্নিত ছিনতাইকারী, ২০ জন সন্দেহভাজন আসামি ও আটজন হকার রয়েছেন। এ সময় পাঁচ পিস ইয়াবা, পাঁচ পুড়িয়া ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।