জনবল সঙ্কটে কাউখালী মহিলাবিষয়ক অফিস, সেবা বঞ্চিত নারীরা

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী উপজেলা মহিলাবিষয়ক অধিদফতরে দীর্ঘদিন ধরে জনবল সঙ্কট থাকায় ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা, মহিলা উন্নয়ন সমিতি ও ক্ষুদ্রঋণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে উপজেলার অসংখ্য নারী ভোগান্তির শিকার হচ্ছেন।

অফিস সূত্রে জানা গেছে, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, প্রশিক্ষক, অফিস সহকারী ও অফিস সহায়ক, চারটি অনুমোদিত পদই বর্তমানে শূন্য। সর্বশেষ দায়িত্বে থাকা কর্মকর্তা বদলি হওয়ার পর জিয়ানগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসীকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। তিনি সপ্তাহে মাত্র একদিন কাউখালী অফিসে এসে দাফতরিক কাজ পরিচালনা করেন।

সরেজমিন দেখা যায়, বিভিন্ন সেবা নিতে এসে অনেক নারী কর্মকর্তা-কর্মচারী না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। মাতৃত্বকালীন ভাতা ও ভিজিডি কর্মসূচির সুবিধাভোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

সদর ইউনিয়নের জয়কুল গ্রামের লাইজু বেগম বলেন, মাতৃত্বকালীন ভাতার বিষয়ে তথ্য জানতে কয়েকবার অফিসে এসেও কাউকে পাননি। একই অভিযোগ করেন বেতকা গ্রামের মরিয়ম আক্তার। তিনি জানান, ভিজিডি কার্ড সংক্রান্ত তথ্যের জন্য অফিসে এসে খালি হাতে ফিরতে হয়েছে।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী বলেন, দীর্ঘদিনের জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমিত সক্ষমতায় সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, শূন্য পদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান বলেন, জনবল সঙ্কটের কারণে সেবাগ্রহীতারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি জেলা সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে। দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে সেবা কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।