সেঞ্চুরিতে শেষটা রাঙালেন তানজিদ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে সিলেট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ বলে ১০ রান করেছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পরের ম্যাচে ১৫ বলে ২০। সময় গড়ানোর সাথে সাথে ব্যাট হাতে নিজের খোলস থেকে বেরিয়ে এসেছেন বাঁহাতি এই ওপেনিং ব্যাটার। চলমান আসরে প্রথম পঞ্চাশের দেখা পান ঢাকার বিপক্ষে ম্যাচে। ৪৩ বলে ৭৬ রান করেছিলেন এই ব্যাটার।

চলমান বিপিএলে শিরোপা লড়াইয়ে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে গতকাল সবকিছুকেই যেন ছাপিয়ে গেলেন তানজিদ। ব্যাট হাতে চট্টগ্রামের বোলারদের তুলোধুনো করে পৌঁছে গেলেন তিন অঙ্কের ঘরে। ৬২ বলে ৭টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ১০০ রানের চমৎকার এক ইনিংস খেললেন তানজিদ। সবমিলে গতকাল শেষ হওয়া বিপিএলে ৩৫৬ রান সংগ্রহ এই ব্যাটারের। তার ব্যাটে ভর করে ফাইনালে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল টস হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাট হাতে নেমে শুরুটা সতর্কতার সাথে করলেন ফারহান ও তানজিদ। শরিফুলের প্রথম ওভারে মাত্র ১ রান এলেও মুকিদুলের করা পরের ওভারে এসেছে ১টি বাউন্ডারিসহ ৮ রান। সময় গড়ানোর সাথে সাথে যখন খোলস ছেড়ে বের হলেন, তখন হয়ে উঠলেন আগ্রাসী। সপ্তম ওভার থেকে আগ্রাসী রূপ ধারণ করেন তানজিদ। ওই ওভারেই হাঁকান দুই ছক্কা। নবম ওভারে তামিম হাঁকান আরো এক জোড়া ছক্কা। দশম ওভারে ব্যক্তিগত ২৯ বলে ক্যারিয়ারের ২১তম ফিফটি পূর্ণ করেন তিনি। এর মধ্যেই ৬টি ছক্কা এসেছে এই বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে। ইনিংসের শেষ পর্যন্ত সেই আগ্রাসী রূপ ধরে রেখে চট্টগ্রামের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে গেছেন রাজশাহীর এই ওপেনার। চার-ছক্কার বন্যা বইয়ে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। আর তাতে ফাইনালের মঞ্চে রাজশাহী পায় বড় সংগ্রহ।