লালমোহনে অসহনীয় লোডশেডিং, বাড়ছে হাতপাখার কদর

Printed Edition

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলার লালমোহন উপজেলায় তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে পল্লী অঞ্চলে দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুতের এমন দুর্ভোগের মধ্যে বাড়তে শুরু করেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাতপাখার কদর।

স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দিনে-রাতে মিলিয়ে গড়ে তিন-চার ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। সন্ধ্যার পর থেকেই শুরু হয় লোডশেডিং। রাতের অধিকাংশ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হচ্ছে মানুষকে। গরমে অতিষ্ঠ হয়ে অনেকে এখন ভরসা রাখছেন তালপাতার তৈরি হাতপাখায়।

লালমোহনের চরভূতা এলাকার কারিগর বিনোদ চন্দ্র ও কৃষ্ণা রানী জানান, একটি তালপাতা দিয়ে দু’টি পাখা তৈরি করা যায়। প্রতিটি পাখা তৈরি করতে খরচ হয় ১২ থেকে ১৫ টাকা। বর্তমানে বাজারে এসব পাখা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করা যায়। আরেক কারিগর নুরনাহার বেগম জানান, একজন কারিগর দিনে প্রায় ৫০টির মতো পাখা তৈরি করতে পারেন।