সদরেই থাকতে চায় বশিকপুরবাসী

Printed Edition

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত না করে সদর উপজেলার সাথেই রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘বশিকপুর ইউনিয়নবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা ‘সদরেই থাকতে চাই’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পরে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের কাছে স্মারকলিপি দেয়া হয়। একই স্মারকলিপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মমিনুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জামায়াতের ইউনিয়ন আমির মাইন উদ্দিনসহ স্থানীয় নেতারা।

ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, বশিকপুর দীর্ঘদিন ধরে সদর উপজেলারই অংশ। এটি চন্দ্রগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত হলে এলাকার মানুষ বিভিন্ন সরকারি সেবা ও প্রশাসনিক সুবিধা পেতে সমস্যায় পড়বে। মাহবুবুর রহমান খোকন বলেন, চন্দ্রগঞ্জ উপজেলা গঠনে তাদের আপত্তি নেই। তবে বশিকপুরকে সদর উপজেলায় রাখার দাবি স্থানীয় মানুষের। তার ভাষ্য, সদর উপজেলা সদর থেকে ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার, আর চন্দ্রগঞ্জের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার।

উল্লেখ্য, গত ১৯ মে মন্ত্রিপরিষদ বিভাগ চন্দ্রগঞ্জকে নতুন উপজেলা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। পরে সদর উপজেলা পুনর্গঠনের অংশ হিসেবে কয়েকটি ইউনিয়নের প্রশাসনিক বিন্যাস নির্ধারণ করা হয়।