নয়া দিগন্ত ডেস্ক
সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ এক সপ্তাহে মোট আট হাজার ৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর সৌদি গেজেটের।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী গত ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সাথে সমন্বয় করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে চার হাজার ২৬৬ জন আবাসন, দুই হাজার ৬৫৩ জন সীমান্ত নিরাপত্তা এবং এক হাজার ১৭১ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছে। একই সময়ে সাত হাজার ৪৬৬ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ১৪ হাজার ৪৮৪ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। পাশাপাশি ৫৭২ জনকে তাদের ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করার প্রক্রিয়ায় রাখা হয়েছে।
সৌদি মন্ত্রণালয় আরো জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ১৭৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬৮ শতাংশ ইথিওপীয়, ২৫ শতাংশ ইয়েমেনি এবং বাকি ৭ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের সময় আরো ৭১ জনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে দেশটির নিরাপত্তা বাহিনী অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানে সহায়তার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বর্তমানে ২১ হাজার ৬৮৫ জন প্রবাসী আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এদের মধ্যে ২০ হাজার ৫১২ জন পুরুষ এবং এক হাজার ১৭৩ জন নারী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়ে জানিয়েছে, অবৈধ প্রবেশ বা অবস্থানে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একইসাথে এই কাজে ব্যবহৃত যানবাহন ও আবাসস্থলও বাজেয়াপ্ত করা হবে।



