ক্রীড়া প্রতিবেদক
আগামী ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাচ্ছে ২০২৬ টি-২০ নারী বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী দিনে বার্মিংহামের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই মেগা ইভেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যা নারী ক্রিকেটের যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ বরাদ্দ। মেয়েদের সর্বশেষ টি-২০ বিশ্বকাপ হয়েছিল ২০২৪ সালে, সেই আসরের চেয়ে এবার প্রাইজমানি ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ লাখ ৬৪ হাাজর ৬১৫ ডলারে। বাংলাদেশী টাকায় যা প্রায় প্রায় ১০৮ কোটি টাকা।
বিশ্বকাপ খেলতে যাওয়া প্রতিটি দল পাবে ন্যূনতম দুই লাখ ৪৭ হাজার ৫০০ ডলার (প্রায় তিন কোটি পাঁচ লাখ টাকা) করে। ফলে বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশ পকেটে পাবে তিন কোটি পাঁচ লাখ টাকা। যেখানে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ খেলবে গ্রুপ-১-এ। ওই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন।চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৮ কোটি ৭৮ লাখ টাকা)। রানার্স-আপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ কোটি ৩৯ লাখ টাকা। এ ছাড়া সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দু’টি দলের প্রত্যেকে প্রায় আট কোটি ৩০ লাখ টাকা পাবে। এমনকি গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে প্রায় ৩৮ লাখ ৩১ হাজার টাকা।



