ঠিকাদারকে জিম্মি করে ৮ লাখ টাকা দাবি, আটক ৭

Printed Edition

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুরে এক ঠিকাদারকে জিম্মি করে আট লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার এবং ঘটনাস্থল থেকে নগদ অর্থসহ দুর্বৃত্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ফেরদৌস আহম্মেদ জীবন (৩০), মাসুদ রানা (২৩), মিনহাজুল ইসলাম মাহিম (২৬), নয়ন হোসেন (৩৬), সালমান ফারসি (২৭), আল ইমরান (২৫) ও আবু সিদ্দিক (২৮)।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, উলিপুরের কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ এলাকার ঠিকাদার লুৎফর রহমান (৫০) মঙ্গলবার রাতে পেশাগত কাজে চিলমারীতে ছিলেন। এ সময় তার পরিচিত এক নারীর ভাড়া বাসায় কয়েকজন যুবক অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করার খবর পান তিনি। রাত সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছালে অভিযুক্তরা তাকে জিম্মি করে আট লাখ টাকা চাঁদা দাবি করে।

টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে এবং ওই নারীসহ তার আপত্তিকর ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। প্রাণ বাঁচাতে পকেটে থাকা ১৫ হাজার টাকা দিলেও অভিযুক্তরা তাকে রাতভর আটকে রেখে নির্যাতন চালায়। একপর্যায়ে লুৎফর রহমান মোবাইল ফোনে স্ত্রীকে জানালে তিনি বুধবার ভোরে থানায় অভিযোগ করেন।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, পুলিশ তাৎণিক অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং ঘটনাস্থল থেকে চাঁদার ১৫ হাজার টাকাসহ সাতজনকে গ্রেফতার করে। এ ঘটনায় লুৎফর রহমান বাদি হয়ে অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।