চট্টগ্রামের ব্যস্ততম জিইসি মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা জিইসি মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মিছিলে শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়েছে জানিয়ে তাদের অভিনন্দনও জানাচ্ছেন নেতাকর্মীরা।

জানা গেছে, সকালে সংগঠনের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতা-কর্মীরা মিছিলটি করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘এমইএস কলেজ ছাত্রলীগ’। মিছিলটি দুই নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।’