মুনযির আকলাম
মা বাবা আর সন্তান হচ্ছে এমন একটি জীবনের নাম, যে জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে রক্তের একটি গভীর সম্পর্ক। সন্তান জন্মদানের মাধ্যমেই মা, বাবা ও সন্তান হয়ে ওঠে এক অনিবার্য অনুষঙ্গ। মা বাবা ও সন্তান রক্তের সাথে রক্তের হৃদয়ের বন্ধন। এ বাঁধন চিরন্তন এক মায়ার সুতোয় বাঁধা। এ সম্পর্ক শাশ্বত। নিয়তির বেঁধে দেয়া এ সম্পর্কের মতো সম্পর্ক পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। নিয়তি এ সম্পর্কের বিকল্প সম্পর্ক হতেও দেয়নি। এমনকি এ সম্পর্কের শূন্যতাকে পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করার সুযোগও দেয়নি। তাই পৃথিবীর ইতিহাসে মা বাবা ও সন্তানের সম্পর্ক এত মহান। সন্তানের কাছে মা বাবা এবং মা বাবার কাছে সন্তান হলো সৃষ্টিকর্তার দেয়া সবচেয়ে মূল্যবান উপহার। এই সম্পর্কের কোথাও কোনো খাদ নেই। নেই স্বার্থ কিংবা স্বার্থপরতার ছোঁয়া।
পৃথিবীর এক কঠিন সম্পর্কের দৃষ্টান্ত সন্তান ও মা বাবা। এ সম্পর্কে জড়িয়ে আছে আবেগ, মায়া, মমতা, শ্রদ্ধা, যতœ, দায়িত্ববোধ, নির্ভরতা, ভরসা, বিশ্বাস, স্নেহ ও ভালোবাসা। মা, বাবা ছাড়া সন্তানরা পৃথিবীর আলো দেখতে পেতো না। মা, বাবা সন্তানদের প্রতিটি মুহূর্তে বাঁচতে শিখিয়েছে, হাঁটতে শিখিয়েছে, দাঁড়াতে শিখিয়েছে। সন্তানদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব, কৈশোর ও যুবক-যুবতী হয়ে ওঠার চিত্রপটে মা, বাবাই থাকেন মূল ভূমিকায়। মা, বাবার সাথে সন্তানের সম্পর্ক অবর্ণনীয়। মা, বাবা সন্তানদের পথ প্রদর্শক, সহমর্মী, সহযোগী, লালনকর্তা, পালনকর্তা এবং সব প্রয়োজনের নীরব জোগানদাতা। সন্তানদের প্রতি মা, বাবার নিঃস্বার্থ উজাড় করা বুকভরা স্নেহ, ভালোবাসা শুধু মাত্র মা, বাবার সন্তান হিসেবে। মা, বাবা সন্তানদের জীবনের বটবৃক্ষ যাদের আদর আশ্রয়ে সন্তানরা বড় হয়ে ওঠে এবং তারা সন্তানদের জীবনে ছায়া দানকারী বিশাল মহীরুহের স্বরূপ। সন্তানের মুখ ও তার অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে মা, বাবা সন্তর্পণে একর পর এক দুঃখ কষ্ট বহন ও বিসর্জন দিয়ে থাকেন জীবনের নানান আয়েশি খায়েশ। মা, বাবার হাজারো কষ্ট আর দায়িত্ব থাকে সন্তানদের হাঁসিমুখ ও সুখের জন্য। সন্তানদের অন্ধকারে নির্ভরতার আলোক রেখা মা, বাবা। সন্তানের কঠিন রূঢ় সময়ে মা, বাবা স্বভাবসুলভে বলেন, আমরা তো এখনো আছি এত চিন্তা কিসের।
মা, বাবা এমনি হন স্বার্থহীন, অভিমানহীন, রাগহীন। সবসময়ই সন্তানকে আগলে রাখেন পরম যতেœ। মা, বাবা দু’জনের চির গভীর আকুতি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রতিটি সন্তানের জীবনে মা বাবা হলো সবচেয়ে বড় অমূল্য সম্পদ। সন্তানরা অতি সাধারণ হয়েও তাদের অসাধারণ মা, বাবার প্রতি সবসময়ই সম্মান, কৃতজ্ঞতা, দায়িত্বশীল হওয়া উচিত। সন্তানরা মা, বাবার একফোঁটা ঘামের মূল্যের বিনিময় দিতে আমৃত্যু অক্ষম। কেননা, মাতৃঋণ ও পিতৃঋণ কখনো শোধ হয় না।



