বিনোদন ডেস্ক
আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসে হলিউডের পাদদেশে অনুষ্ঠিতব্য ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড-২০২৬’ লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ডে ভূষিত হতে যাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তি নায়িকা ববিতা। তাকে অফিসিয়ালি আমন্ত্রণ জানাতে এরই মধ্যে ববিতার সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নিমন্ত্রণ জানিয়েছেন আনন্দ মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী। চ্যারিটি অর্গানাইজেশন আনন্দ মেলার প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী বলেন, ‘আমি কিছু দিন আগে বাংলাদেশে গিয়েছিলাম। তখনই মূলত আমাদের চলচ্চিত্রের গর্ব ববিতা আপাকে লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেই। ববিতা আপার সাথে সব কিছু চূড়ান্ত হওয়ার পর আমরা ঘোষণায় আসি- তিনি আগামী ২৬ জুলাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমরা তাকে সব ধরনের সহযোগিতা দেয়ার পাশাপাশি সর্বোচ্চ সম্মান দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ববিতা আপাও অবশ্য এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আমি বিশেষত ধন্যবাদ জানাই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য।’ আনন্দ মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, ‘শ্রদ্ধেয় ববিতা আপা আমাদের আনন্দ মেলায় অবশেষে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এটি আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের বিষয়, গর্বের বিষয়। আমি সরাসরি তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমাদের আনন্দ মেলা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিমন্ত্রণ জানাতে পেরে সত্যিই ভীষণ ভালো লেগেছে। তিনি আমার নিমন্ত্রণ হাসিমুখে গ্রহণ করেছেন, আমাকে সম্মানীত করেছেন, আমি যে কতটা আবেগাপ্লুত তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। তার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকার ব্যক্তিত্বে আমি মুগ্ধ হয়েছি। সারা জীবন আমারা শুনে এসেছি ববিতা একজনই। তার সাথে কিছুটা সময় কাটানোর পর আজ আমাকেও বলতে হচ্ছে- সত্যিই আমাদের ববিতা একজনই, যিনি পরম শ্রদ্ধার, ভালোলাগার, ভালোবাসার নায়িকা। তিনি আমাদের চলচ্চিত্রের গর্ব, আমাদের দেশের গর্ব। তার হাতে আনন্দ মেলা-লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড তুলে দেয়ার অপেক্ষায় আমরা।’



