ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় যৌথভাবে ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। মেগা আসরের জন্য ইতোমধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অংশগ্রহণকারী দলগুলো। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে দুশ্চিন্তা শুরু হয়েছে আর্জেন্টিনার মূল গোলরক্ষক ও দলের অন্যতম সেরা খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজকে ঘিরে। হাতে চোট থাকায় ২০২২ বিশ্বকাপজয়ী গোলরক্ষকের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন কোচিং স্টাফরা। ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ১৭ জুন প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে মার্টিনেজের খেলার সম্ভাবনা থাকলেও এখনো পুরোপুরি নিশ্চিত নন।
বিশ্বকাপ শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দু’টি প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা। যে কারণে এই দু’টি প্রীতিম্যাচের জন্য ‘বাজপাখি’ খ্যাত এই গোলরক্ষকের বিকল্প নির্ধারণ করবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্কোয়াডে জায়গা নিশ্চিত করতে এখানে লড়াই হবে অন্য দুই গোলরক্ষক জেরোনিমো রুলি ও হুয়ান মুসোর।
ধারাবাহিকতা ও অতীত রেকর্ডে এগিয়ে রুলিই। বর্তমানে মার্সেইয়ের হয়ে খেলেন তিনি। আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে তিনি সাতটি অফিশিয়াল ম্যাচ খেলেছেন। রুলির সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ২০২৪ সালের নভেম্বরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুলি। সেই ২০২২ ফিফা বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা ও ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন রুলি।
রুলির মতো নিয়মিত খেলার সুযোগ না পেলেও মৌসুমের শেষ দিকে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ পারফর্ম করেছেন হুয়ান মুসো। মাদ্রিদের দলটির মূল গোলরক্ষক ইয়ান অবলাকের চোটের কারণেই মূলত দলের গোলবার সামলানোর সুযোগ হয় তার। ২০২৬ সালে ১২টি ম্যাচ খেলে যার অনেকগুলোতেই দলের সেরা খেলোয়াড় হয়েছেন মুসো। তবে এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ ২০২৬ সালে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলেছেন ১৬ মিনিট। সব মিলে বিকল্প গোলরক্ষকের দৌড়ে কিছুটা এগিয়ে রুলিই।



