বিশেষ সংবাদদাতা
সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে পাঁচ কার্গো এনএনজি আমদানিসহ ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এই প্রস্তাবে মোট ব্যয় হবে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি ।
গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে জি-টু-জি-এর আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সুইজারল্যান্ডের ‘সসার ট্রেডিং এসএ’ থেকে দুই কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তবে এতে মোট ব্যয় কত টাকা হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
অপর একটি প্রস্তাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্পট মার্কেট থেকে তিনটি এলএনজি কার্গো (চলতি পঞ্জিকা বছরের ২৬, ২৭ ও ২৮তম) আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে একটি এবং যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে বাংলাদেশী মুদ্রায় দুই হাজার ৩৭২ কোটি ২১ লাখ টাকা। বৈঠকে বেজা কর্তৃক বাস্তবায়নাধীন চট্টগ্রামের মীরসরাইয়ে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ‘কনস্ট্রাকশন অব ক্যানেল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইনিং ইনক্লুডিং ঘাটস অ্যান্ড ওয়াকওয়ে’ নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে ‘মনিকো লিমিটেড’। এতে ব্যয় হবে ১০৮ কোটি ৯২ লাখ টাকা।



