ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধ, জুলাইয়ের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে এই আলোচনা সভা, স্মৃতিচারণ, রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘শ্রদ্ধায়-সম্মানে-স্মরণে জুলাই বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসের ওয়ার্ডেন অধ্যাপক ড. সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রী নিবাসের মনোবিজ্ঞানী হাবিবা সুলতানা উপস্থিত ছিলেন। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পারমিতা রায় কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। বাংলা বিভাগের এমফিল গবেষক সামিয়া সুলতানা কবিতা আবৃত্তি করেন। গ্রন্থাগারিক শিউলী বেগম স্বরচিত কবিতা পাঠ করেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের গবেষক মিতু আক্তার ও গ্রন্থাগারিক শিউলী বেগম জুলাইয়ের দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করেন। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। এই দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে। ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ‘৯০-এর গণ-অভ্যুত্থান, ’২৪-এর গণ-অভ্যুত্থানসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে। মহান মুক্তিযুদ্ধ, জুলাইয়ের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।



