সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়নে ২৫ কোটি ডলার দিচ্ছে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণসহায়তা দিচ্ছে। বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি ও কার্যকারিতা উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিকীকরণে সহায়তা করার জন্য এই ঋণ অনুমোদন করেছে সংস্থাটির প্রধান কার্যালয়।

বিশেষ সংবাদদাতা
Printed Edition

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণসহায়তা দিচ্ছে। বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি ও কার্যকারিতা উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিকীকরণে সহায়তা করার জন্য এই ঋণ অনুমোদন করেছে সংস্থাটির প্রধান কার্যালয়। গতকাল শুক্রবার এডিবির ঢাকা অফিস থেকে এক বার্তায় এসব জানানো হয়। দ্বিতীয় সামাজিক স্থিতিস্থাপকতা শক্তিশালীকরণ কর্মসূচির উপ-কর্মসূচি ২ এর জন্য এই ঋণ অর্থায়ন। এডিবির ঢাকা অফিস জানায়, দ্বিতীয় সামাজিক স্থিতিস্থাপকতা শক্তিশালীকরণ কর্মসূচির উপ-কর্মসূচি ২-এর লক্ষ্য হলো দুর্বলতা, বঞ্চনা ও দারিদ্র্যের ঝুঁকি হ্রাস করার জন্য সুরক্ষামূলক ও প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা। এ কর্মসূচিটি সামাজিক সুরক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনার উন্নতি, এর পরিধি ও আওতা সম্প্রসারণ এবং দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধির ওপর আলোকপাত করে।

এডিবির বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এ কর্মসূচিটি বাংলাদেশের আরো আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক সামাজিক সুরক্ষা ব্যবস্থার দিকে উত্তরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দুর্বল জনগোষ্ঠী-বিশেষ করে নারীদের জন্য সুরক্ষার আওতা সম্প্রসারণ এবং অবদানভিত্তিক সুরক্ষাব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে, এ কর্মসূচির আওতাভুক্ত সংস্কারগুলো দারিদ্র্যের ঝুঁকি কমাতে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করতে আরো কার্যকর, অভিযোজনযোগ্য ও সুসজ্জিত একটি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের সাথে অংশীদার হতে পেরে এডিবি গর্বিত।

এডিবি বলছে, এই কর্মসূচির আওতায় সংস্কারগুলোর মধ্যে রয়েছে অবদানভিত্তিক সামাজিক সুরক্ষা প্রকল্পের উন্নয়ন; যা দীর্ঘমেয়াদি আর্থিক চাপ কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। বিধবা ভাতা কর্মসূচির আওতায় আরো অন্তত দুই লাখ ৫০ হাজার দুর্বল নারীকে সহায়তা প্রদান করা হবে। একটি মূল কর্মসংস্থান কর্মসূচির অধীনে জলবায়ু অভিযোজনমূলক উদ্যোগের মাধ্যমে অভিযোজনযোগ্য সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা হবে। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যভিত্তিক পুনঃঅর্থায়ন প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক পরিষেবা প্রাপ্তির সুযোগ অন্তত ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।

সংস্থাটি বলছে, এই কর্মসূচির অধীনে গৃহীত উদ্যোগগুলো ক্ষুদ্র পর্যায়ে উল্লেখযোগ্য ফলাফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে উৎপাদনশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধি, নারী শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাস; যা ইতিবাচক সামষ্টিক অর্থনৈতিক প্রভাব ফেলবে। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।