কানাডায় রেকর্ডসংখ্যক সেনা নিয়োগ

Printed Edition

বিবিসি

এক দিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বারবার সার্বভৌমত্ব লঙ্ঘনের হুমকি। অন্য দিকে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সঙ্ঘাত। এই দুই বাস্তবতার মুখে সামরিক শক্তিতে আমূল পরিবর্তন আনছে কানাডা। দীর্ঘ কয়েক দশকের স্থবিরতা কাটিয়ে সর্বোচ্চ নিয়োগের রেকর্ড গড়েছে দেশটির সশস্ত্রবাহিনী।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রতিরক্ষা বাজেটে বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছেন। সেনাদের বেতনও বাড়ানো হয়েছে। এর মাধ্যমে ন্যাটোর প্রতিরক্ষা লক্ষ্যমাত্রা পূরণের পথে এক অভাবনীয় মাইলফলক স্পর্শ করেছে দেশটি।

সশস্ত্রবাহিনী নিয়ে মাত্র দুই বছর আগে কানাডার সাবেক প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার সতর্ক করেছিলেন। তিনি বলেন, বাহিনীগুলো একটি ‘মৃত্যুচক্রের’ মধ্যে আটকে আছে। তবে সেই অবস্থা থেকে বের হওয়ার মাধ্যমে শক্তিশালী পুনর্জাগরণ দেখা যাচ্ছে। গত এপ্রিলের শেষের দিকে সামরিক বাহিনী জানিয়েছে, গত অর্থবছরে তারা সাত হাজারের বেশি নতুন সদস্য নিয়োগ দিয়েছে, যা গত তিন দশকে সর্বোচ্চ।

ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ‘ট্রাম্প প্রভাব’ : বিশেষজ্ঞরা সামরিক বাহিনীতে এই জোয়ার আসার পেছনে বিশ্বজুড়ে সশস্ত্র সঙ্ঘাত ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তাকে প্রধান কারণ হিসেবে দেখছেন। এর মধ্যে রয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি।