নিজস্ব প্রতিবেদক
দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো এবং ভবিষ্যতে রফতানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি : উন্নয়নের অগ্রযাত্রা’।
প্রতিমন্ত্রী বলেন, দুগ্ধ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ বর্তমান সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, নারীদের দক্ষতা উন্নয়নে আরো প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করতে হবে এবং খামারিদের প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা বাড়াতে হবে।
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ইমাম উদ্দীন কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদফতরের পরিচালক ডা: মো: বয়জার রহমান এবং স্বাগত বক্তব্য দেন পরিচালক ডা: বেগম শামছুননাহার আহম্মদ।
অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ অধিদফতর প্রাঙ্গণে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণ করেন। ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) উদ্যোগে প্রাণিসম্পদ ভবনের সামনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যেও দুধ বিতরণ করা হয়। এ সময় ভ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা: আব্দুর রহিম ও মহাসচিব ডা: কবির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এরপর প্রাণিসম্পদ অধিদফতর থেকে খামারবাড়ি মোড় হয়ে কেআইবি প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
দুপুরে প্রতিমন্ত্রী বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাওরান বাজারের প্রধান কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দফতরের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা ও সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। প্রশাসনের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা ও সুশাসনের চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি মত দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু, মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



