সিলেট ব্যুরো
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের ইসলামী আন্দোলন আজকের অবস্থানে পৌঁছাতে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দের রক্ত, মেধা, শ্রম ও ঘাম জড়িত রয়েছে। ছাত্রজীবনে ইসলামী আন্দোলনে শামিল হওয়ার মাধ্যমে আমাদের ভাইয়েরা শুধু তাদের যৌবনের গতিপথ বদলে দেননি, বরং বদলে দিয়েছিলেন সমাজব্যবস্থা। কঠিন পরিস্থিতিতে মুক্তির আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে যেকোনো কঠিন পরিস্থিতিতে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দকে সর্বোচ্চ ত্যাগের মহিমায় অতীতের মতো এগিয়ে আসতে হবে। ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিতে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় নগরীর দরগাগেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা ইসলামী আন্দোলনকে জীবনের লক্ষ্য হিসেবে মেনে নিয়েছি। তাই আমরা আমৃত্যু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। জীবনের শত ব্যস্ততার সাথে সমন্বয় করে দ্বীনি দায়িত্ব পালন করে যেতে হবে। ইনশা আল্লাহ এ দেশে ইসলামী আন্দোলন বিজয়ী হবে।



