নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদ-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং মনোয়ারা হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদ-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলামের নেতৃত্বে টিম।
অভিযানকালে মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যান্টিনের ফ্রিজে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি রাখা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম পরিলতি হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে দুই লাখ টাকাসহ সর্বমোট তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে হাসপাতালের সামগ্রিক পরিবেশের উন্নয়ন, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখা, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপন, ক্যান্টিনের মানোন্নয়ন এবং বেকারি স্থানান্তরের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এ ছাড়া বেইলি রোডের মনোয়ারা হাসপাতালেও মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ দেয়া হয়।
অভিযান পরিচালনাকালে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা: মো: মাহমুদুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফারিয়া ফয়েজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আসলাম ভূঁইয়া, রমনা থানার পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।



