মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মহাদেবপুরে কৃষকের মাঠে নেমে নিজ হাতে বোরো ধান কেটে ঘরে তুলে দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। গতকাল শনিবার সকালে উপজেলার চেরাগপুর গ্রামের একটি ধানক্ষেতে তার এমন কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, চেরাগপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ি থেকে নেমে মাঠে ধান কাটায় ব্যস্ত কৃষকদের সাথে যোগ দেন এমপি ফজলে হুদা বাবুল। পরে কাস্তে হাতে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিতে অংশ নেন তিনি। এ সময় তার সাথে থাকা রাজনৈতিক সহকর্মীরাও ধান কাটায় অংশ নেন।
ঘটনাটি দেখতে মাঠে উপস্থিত কৃষক-কৃষাণীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেখানে ভিড় করেন।
স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম বলেন, চলতি বোরো মৌসুমে শ্রমিক সঙ্কট ও বাড়তি মজুরির কারণে কৃষকরা চাপে রয়েছেন। এমন সময়ে এমপির মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়ানো মানবিক উদ্যোগ।
আরেক কৃষক আলমগীর হোসেন বলেন, একজন সংসদ সদস্য হয়ে মাঠে নেমে কৃষকের সাথে কাজ করা বিরল ঘটনা। এতে কৃষকদের মধ্যে নতুন উৎসাহ তৈরি হয়েছে। ধান কাটার ফাঁকে এমপি ফজলে হুদা বাবুল কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয় শোনেন।
সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘবে সবসময় পাশে আছি, ভবিষ্যতেও থাকব।



