চুয়াডাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যা, আটক ১

সালিস শুরুর আগেই আলিম উদ্দিনকে পেটানো হয়

Printed Edition

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সালিস বৈঠকের আগেই আলিম উদ্দিন (৪৭) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ডিঙ্গেদাহ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত লিয়াকত আলীকে আটক করেছে পুলিশ। নিহত আলিম উদ্দিন শংকরচন্দ্র ইউনিয়নের মোকামতলা গ্রামের মৃত ঝড়– মণ্ডলের ছেলে।

নিহতের ভাই কালু মণ্ডল জানান, আলিম উদ্দিনের ছেলে জিয়ারুলের কাছে লিয়াকত আলীর ছেলে ভুট্টা বিক্রির কিছু টাকা পেতেন। প্রায় দুই বছর ধরে ওই টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে বিরোধ চলছিল। সমস্যার সমাধানে শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সালিস বৈঠকের আয়োজন করা হয়।

তিনি অভিযোগ করেন, সালিস শুরুর আগেই লিয়াকত আলী ও তার ছেলে আল আমিন সেখানে এসে আলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বুকে ও পিঠে এলোপাতাড়ি লাথি-ঘুষি মারা হয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল ইসলাম সুজন বলেন, ‘পাওনা টাকা নিয়ে বিরোধের সমাধানের জন্য তারা আমার কাছে এসেছিলেন। এ সময় অভিযুক্তরা এসে হামলা চালায়। আমার সামনেই ঘটনাটি ঘটে। পরে অসুস্থ হয়ে পড়লে আলিম উদ্দিনকে হাসপাতালে নেয়া হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, সালিস বৈঠককে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত লিয়াকত আলীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।