নিজস্ব প্রতিবেদক
দেশের পূর্বাপর রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করে সমকালীন প্রেক্ষাপট তুলে ধরে মাওলানা মামুনুল হক বলেছেন, ১৯৪৭ একাত্তর এবং চব্বিশের চেতনাকে ধারণ করে জাতীয় রাজনীতিতে আমাদের পথচলার গতিপথ নির্ধারণ করতে হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের উদ্যোগে সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, রাজনৈতিক বিভক্তি এবং মতপার্থক্যের মধ্য থেকেও মতবিনিময়ের এ আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে। পারস্পরিক সৌহার্দ্য এবং সহনশীলতা বজায় রেখে ধারাবাহিকভাবে এ জাতীয় আয়োজন যত বেশি হবে, আগামী দিনের রাজনীতিতে সহাবস্থান ও সঠিক সিদ্ধান্ত নেয়া তত সহজ হবে।
মতবিনিময় সভায় মুনাজাতপূর্ব বক্তব্যে মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে থেকে আলেম সমাজের অভিভাবকত্বের জায়গায় ভূমিকা রাখার জন্য এ সংগঠনের জন্ম।
মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি বলেন, জাতীয় রাজনীতিতে আর ভাড়াটিয়া হয়ে থাকতে চাই না। মালিকানার সূত্রে সমকালীন প্রেক্ষাপটে নিজস্ব অবস্থান তৈরি করতে আলেমদের স্বকীয় ধারার রাজনীতিতে ধারাবাহিক হতে হবে।
সংগঠনের সভাপতি মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মাওলানা আতাউল্লাহ আমীন, সহসেক্রেটারি মাওলানা আদনান মাসউদের সঞ্চালনায় এতে আরো অংশ নেন মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা উবাইদুল্লাহ মধুপুর, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা আবু মুহাম্মাদ রাহমানী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা শাহের জহিরী, মাওলানা আলী হাসান তৈয়্যব, মাওলানা সৈয়দ শামসুল হুদা, মাওলানা মহিউদ্দিন কাসেমী প্রতিনিধিত্বশীল আলেমসহ আরো অনেক লেখক, সাংবাদিক, তরুণ চিন্তক এবং সোশ্যাল মিডিয়া এক্টিভিটিস্টরা।



