চট্টগ্রাম-৯ আসনে এখন ১০ দলীয় জোট প্রার্থী : ডা: ফজলুল হক

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-৯ আসন থেকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো: নেজাম উদ্দীন আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। গতকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর ফলে আসনটিতে এখন ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা দাঁড়িপাল্লা প্রতীকের ডা: এ কে এম ফজলুল হক।

জনগণের আশা-আকাক্সক্ষা ও প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং ১০ দলীয় জোটের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিনি যে দায়িত্বশীল, দূরদর্শী ও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন আসনটিতে দাঁড়িপাল্লা প্রতীকের ১০ দলীয় জোটের প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক। এর ফলে চট্টগ্রাম-৯ আসনে ১০ দলীয় জোটের প্রার্থীর বিজয়ের পথ সুগম করতে বিদ্যমান সব প্রতিবন্ধকতার কার্যত অবসান ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন।

নেজামে ইসলাম পার্টির এই উদার ও প্রজ্ঞাপূর্ণ অবস্থান জোটের অভ্যন্তরীণ ঐক্যকে আরো সুদৃঢ় ও শক্তিশালী করেছে। এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়; বরং জনগণের ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে নেয়া একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ, যা বিজয়ের পথকে আরো বিস্তৃত করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৯ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিপুল ভোটে বিজয় অর্জনের বিষয়ে আমাদের বিশ্বাস আজ আরো দৃঢ় ও অবিচল।