ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল মাদরাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় মোট ৮৯.৮২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। রোববার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ভিসির কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।
ফলাফল প্রকাশকালে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যে ফলাফল প্রকাশ সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো: জিয়াউর রহমানসহ পরীক্ষা দফতরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো যথাসময়ে পরীক্ষা গ্রহণ, দ্রুত ও নির্ভুলভাবে ফলাফল প্রকাশ এবং শিক্ষার্থীদের হাতে সময়মতো সনদ ও নম্বরপত্র পৌঁছে দেয়া। তিনি জানান, বর্তমানে এক বছর মেয়াদি কামিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এ পরীক্ষার ফলাফলও দ্রুত প্রকাশ করা হবে।
এ বছর কামিল পরীক্ষার মেধাতালিকায় চূড়ান্ত বর্ষে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ছারছীনা দারুসুন্নাত কামিল মাদরাসা, ঝালকাঠি এন এস কামিল মাদরাসা শীর্ষস্থান লাভ করেছে। এ ছাড়াও প্রথম বর্ষে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শীর্ষস্থানে রয়েছে। সারা দেশের ১৬৭টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ও চূড়ান্ত বর্ষ মিলিয়ে মোট ৪২ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৭ হাজার ৬২২ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রথম বর্ষে পাসের হার ৮৩.৫১ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে ৯৬.১২ শতাংশ। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।



