ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত বেড়ে ১৮

Printed Edition

রয়টার্স

রাশিয়ার সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য মতে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডনিপ্রো শহরের একটি আবাসিক ভবনে হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারী এবং আট বছর বয়সী এক শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্য দিকে রাজধানী কিয়েভে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যাতে বহু মানুষ আহত হয়েছেন।

বিপরীতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই হামলা ছিল ইউক্রেনের আগের কিছু আক্রমণের জবাব এবং তাদের সব লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত করা হয়েছে। গত সপ্তাহে পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকায় একটি ছাত্রাবাসে ইউক্রেনের হামলায় বহু মানুষের মৃত্যুর অভিযোগ এনে মস্কো ‘পরিকল্পিত ও ধারাবাহিক হামলা’র হুঁশিয়ারি দিয়েছিল। তবে ইউক্রেন দাবি করে, তারা কোনো ছাত্রাবাস নয়, বরং একটি রুশ সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এর আগে সোমবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি দেশবাসীকে বিমান হামলার সতর্কবার্তার প্রতি বিশেষভাবে নজর দেয়ার আহ্বান জানিয়ে বড় ধরনের রুশ হামলার শঙ্কা প্রকাশ করেছিলেন।