নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের মাধ্যমে দেশকে আরো বিনিয়োগ উপযোগী করা হবে।
গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ক্রাইসিস সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। সরকার জনগণের পাশে থেকে দেশের শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে।
তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত হিসেবে অবস্থান করছে। এ শিল্পকে বিশ্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি আরো বলেন, নতুন কম্পানি নিবন্ধনের ক্ষেত্রে দুর্নীতি ও জটিলতা কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় লাইসেন্স ও হয়রানি কমিয়ে সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করা হবে।



