মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারে বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিমকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার ছেলে সানজিদ আফফানের বিরুদ্ধে। গত শুক্রবার সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিম।
ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, গত ২১ মার্চ সকালে মিঠাছরা বাজারে আমাদের মালিকানাধীন আলহাজ কাজী নূর মোহাম্মদ মার্কেটটি জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের ছেলে মো: সানজিদ আফফান। তার সাথে দু’জন সশস্ত্র আনসার সদস্য ছিলেন। ২০২২ সালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আমাদের এই মার্কেটটি জোর করে দখলের চেষ্টা করে এবং আমার বড় ভাইকে সন্ত্রাসী হামলা করে মারা গেছে ভেবে ফেলে রেখে যায়। এই ঘটনায় তখন আমরা আদালতে একটি মামলা দায়ের করি।
তিনি আরো বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। জসিমের ছেলে সানজিদ আফফান একটি বেসরকারি টিভি চ্যানেলের পরিচালক। ঈদের দিন সে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। সন্ত্রাসী কার্যক্রম ধামাচাপা দিতে একুশে টিভিতে আমার সম্মানহানি করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে।
এই বিষয়ে সানজিদ আফফান বলেন, রেজাউল করিমের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ওই দিন মূলত মিঠাছরা বাজারে আমাদের মার্কেট দেখভাল করতে গিয়ছিলাম। সবার সাথে কথাবার্তা শেষ করে আসার সময় রেজাউল করিম আমাকে গালিগালাজ করে ও হুমকি দেয়।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মিঠাছরা বাজারে মার্কেটের মালিকানা নিয়ে সামান্য ঝামেলা হয়েছে শুনেছি। তবে থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



