গাজীপুরে ৫ জনকে খুন

গোপালগঞ্জে পাশাপাশি কবরে দাফন

Printed Edition

গোপালগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় খুন হওয়া এক নারী, তার তিন শিশুসন্তান ও ভাইকে তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে দাফন করা হয়েছে।

এর আগে গতকাল বেলা ১১টায় পাইককান্দি উত্তরপাড়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রাম থেকে মানুষ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। পরে নিহত শারমিন আক্তারের বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এই নৃশংস হত্যা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর আগে গত শনিবার ভোর রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় তাদের গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন, শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (১) এবং ভাই রসুল হোসেন। এদিকে নৃশংস হত্যার ঘটনায় নিহতের বাবা শাহদাত মোল্লা ও ভাই পলাশ মোল্লাসহ এলাকাবাসী খুনি ফোরকান মিয়াকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।

গৃহকর্তার বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি জানান, এ ঘটনায় গৃহকর্তা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত শারমিন খানমের বাবা শাহাদাত মোল্লা বাদি হয়ে কাপাসিয়া থানায় এই মামলা করেছেন। মামলায় ফোরকান মোল্লার নাম উল্লেখ করে আরো কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।