রাজমিস্ত্রির জোগালি, এএসপির পরিচয়ে প্রেম

Printed Edition

রংপুর ব্যুরো

পেশায় রাজমিস্ত্রির জোগালি। কিন্তু প্রেমিকাকে বলেছিলেন সহকারী পুলিশ সুপার। প্রেমিকার জন্য সেই আইডি কার্ড বানাতে এসে ধরা খেলেন মোস্তাফিজার রহমান (২৭) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে রংপুর প্রেস ক্লাব বিপণিবিতান থেকে আটক করে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত রংপুর মহানগর কোতোয়ালি থানা পুলিশের এসআই মশিউর রহমান জানান, প্রেস ক্লাব বিপণিবিতানের তৃতীয় তলায় আরটি প্রেসে নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে একটি আইডি কার্ড বানাতে আসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোখলেছুর রহমানের ছেলে মোস্তাফিজার রহমান। একপর্যায়ে আইডি কার্ড তৈরি করে তার হাতে দেয় দোকানি। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে তাকে আটক করেন তারা। খবর পেয়ে আমরা তাকে থানায় নিয়ে যাই।

ঘটনাস্থলে মোস্তাফিজার সাংবাদিকদের জানান, আগে দিনাজপুরের একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। এখন রাজমিস্ত্রির জোগালির কাজ করে নিজের খরচ নিজেই বহন করেন। এএসপি পরিচয়ে একজনের সাথে প্রেম করতেন তিনি। তার কাছ থেকে বিভিন্ন সময় ফ্লেক্সি লোড দেয়া নেয়া হতো তার। পরিচয়ের পর থেকেই প্রেমিকা পরিচয়পত্র দেখতে চান। তাকে দেখানোর জন্য তিনি তা তৈরি করতে রংপুরে এসে মুন হোটেলে উঠেন। সেখান থেকে বের হয়ে প্রেস ক্লাবের তিন তলায় আরটি দোকানে পরিচয়পত্র তৈরি করেন তিনি। চলে যাওয়ার সময় তারা আটক করে।

মহানগর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান জানান, আটক যুবকের পরিবারের সাথে কথা হয়েছে। পরিবার সাবেক পুলিশ পরিবারের সদস্য। মোস্তাফিজ মানসিক ভারসম্যহীন। ৬ মাস থেকে বাড়িতে আসেন না। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।