লিজের টাকা পরিশোধে বিলম্ব শ্রীমঙ্গলে রিসোর্টে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

Printed Edition

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ভূমি লিজ নেয়ার চুক্তির টাকা পরিশোধে বিলম্বকে কেন্দ্র করে একটি ইকো রিসোর্টে হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিসোর্টের মালিক ও কর্মচারীদের মারধর করে জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগও করা হয়েছে।

গত শনিবার দুপুরে শ্রীমঙ্গল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নারী উদ্যোক্তা লাবনী ইয়াছমিন। তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ এলাকায় আওয়ামী লীগ নেতা ইউসুফ খার কাছ থেকে ৩০ লাখ টাকা ভাড়ায় ৮৬ শতাংশ জমি ২০ বছরের জন্য লিজ নেন। প্রতি পাঁচ বছর পরপর লিজের টাকা পরিশোধের শর্তে চুক্তি সম্পাদনের পর প্রায় ৬০ লাখ টাকা বিনিয়োগ করে ‘অরণ্যবাস ইকো রিসোর্ট’ চালু করা হয়।

গত ২৯ জানুয়ারি সকালে ইউসুফ খা ২৮-৩০ জন লোক নিয়ে রিসোর্টে হামলা চালান। এ সময় ব্যাপক ভাঙচুরে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং এক কর্মচারীকে মারধর করা হয়। হামলাকারীরা নগদ পাঁচ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। তৃতীয় দফার ১০ লাখ টাকার মধ্যে ছয় লাখ টাকা ও বিলম্বজনিত অতিরিক্ত ৫০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি চার লাখ টাকা নিতে জমির মালিক অস্বীকৃতি জানান।

জমির মালিক ইউসুফ খা অভিযোগ অস্বীকার করেন। শ্রীমঙ্গল থানার ওসি বলেন, মারধরের ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে।