অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

Printed Edition

লালমনিরহাট প্রতনিধি

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)। একই সাথে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গতকাল শনিবার লালমনিরহাট ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও গরু চোরাচালান প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বিজিবি সদস্যরা সীমান্তে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অনুপ্রবেশ রোধে বিজিবি সবসময় আপসহীন। কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আসা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সদস্যরা প্রস্তুত রয়েছেন।

তিনি আরো জানান, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।