মালদ্বীপে কেভ ডাইভে নেমে ৫ ইতালীয়র মৃত্যু

Printed Edition

বিবিসি

মালদ্বীপে এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় পাঁচ ইতালীয়র মৃত্যু হয়েছে বলে রোমের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ‘তারা ৫০ মিটার (১৬৪ ফুট) গভীরে গুহা অন্বেষণের চেষ্টার সময় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে,’ বলেছে তারা। ভাভু প্রবাল দ্বীপপুঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

মালদ্বীপের সামরিক বাহিনী জানায়, তারা সমুদ্রের ৬০ মিটার নিচে একটি গুহায় একজনের লাশ পেয়েছে। বাকি চারটি লাশও সেখানে পাওয়া যেতে পারে। ওই এলাকায় উদ্ধার অভিযান চালানো ‘বেশ ঝুঁকিপূর্ণ’ জানিয়ে তারা বলেছে, সেখানে বিশেষ সরঞ্জামসহ ডুবুরিদের পাঠানো হয়েছে।

ভারত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপদেশটিতে কোনো ডাইভিং দুর্ঘটনায় সম্ভবত এর চেয়ে বেশি প্রাণহানি হয়নি। অসংখ্য প্রবাল দ্বীপের কারণে মালদ্বীপ বিশ্বের পর্যটকদের অন্যতম শীর্ষ গন্তব্য। ইতালির ওই পাঁচ নাগরিক বৃহস্পতিবার সকালে সমুদ্রে নেমেছিল বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। অনেকক্ষণ পরও তারা ভেসে না ওঠায়, তাদেরকে ডাইভিংয়ে নিয়ে যাওয়া নৌযানটির ক্রু’রা তাদের নিখোঁজ হওয়ার খবর দেন।