রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান রমজান মাসে পবিত্রতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে নতুন সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ডা: শফিকুর রহমান বলেন, পবিত্র রমজান তাকওয়া, সহনশীলতা ও সহমর্মিতার মাস। কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও পতিত স্বৈরাচারের দোসররা রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সঙ্কট তৈরি ও মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। তিনি সরকারকে বলেন, অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও চাল, ডাল, তেল, চিনি, খেজুরসহ ইফতার সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, সাড়ে পনেরো বছরের জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে জাতি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। তবে পরাজিত শক্তি এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত মোকাবিলা করার আহ্বান জানান এবং শান্তি ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

তিনি আরো বলেন, রমজানের সম্মান রক্ষার্থে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সব প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে সরকারকে কঠোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া রমজানকে আত্মশুদ্ধি ও কুরআনের শিক্ষার আলোকে সমাজ পুনর্গঠনের মাস হিসেবে গ্রহণ করতে তিনি মুমিন মুসলমানদের প্রতি আহ্বান জানান।