নতুন ২৮২ জনের শরীরে হাম শনাক্ত

মারা গেল আরো ১১ শিশু, মৃত্যু ছাড়াল ৪০০

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো সাতজন। এ নিয়ে ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত ৫৫ দিনে সারা দেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ৪০৯ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫ জনের এবং হামের উপসর্গ নিয়ে ৩৪৪ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ২৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্যসংশ্লিষ্ট সিভিল সার্জন অফিসের সাথে সমন্বয় করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর নতুন এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ১৩৮ জন ঢাকায় মারা গেছে; আর ৭৮ জন রাজশাহী বিভাগের। এ ছাড়া বরিশালে ২৯, চট্টগ্রামে ২৭, ময়মনসিংহে ২৬, সিলেটে ২৪, খুলনায় ১৪ ও রংপুর বিভাগে চারজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জন হাম আক্রান্ত হয়েছে; এই সময়ে এক হাজার ৫০৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে এক হাজার ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৫৬ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৪৪ জন ভর্তি হয়েছে চট্টগ্রামে।