বরিশালে শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে সারা দেশে একক প্রশ্নে পরীক্ষা নেয়ার চিন্তা চলছে

Printed Edition

বরিশাল ব্যুরো

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষার মান উন্নয়ন করতে পারলে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে। শিক্ষা মন্ত্রণালয় আমার উপাসনালয়, সদকায়ে জারিয়াহর ইবাদতখানা হিসেবে আমি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। তাহলে আমরা পুরো পৃথিবীতে নেতৃত্ব দিতে পারব।

গতকাল বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকরা (পিডিরা) চালাকি করে পার পাবেন না। আমাদেরকে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ নীতিতে যেতেই হবে। আমরা আশাবাদী যে, প্রধানমন্ত্রী বলেছেন- আগামীতে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূণ্য হলেও এমপিও বাতিল হবে না, তবে এই সুযোগ শুধু এবারের জন্যই। এটা বাস্তবায়নের জন্য পড়ালেখার মান উন্নয়নে শিক্ষকদেরকে ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে।

তিনি আরো বলেন, আগামী দিনে সারা দেশে একক প্রশ্নে পরীক্ষা নেয়ার চিন্তা চলছে। এ বিষয়ে উপস্থিত শিক্ষকরা ইতিবাচক মতামত দেন।

এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। এ ছাড়া বক্তব্য রাখেন- বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: তৌফিক আলম, বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রুহুল আমিন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো: নুরুল হক।