ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর ধামইরহাটে একটি সাপ্তাহিক হাটের ইজারা প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দিতে সাধারণ ব্যবসায়ীদের দরপত্র কেনায় বাধা প্রদান এবং নামমাত্র মূল্যে হাট ইজারা দেয়ার প্রতিবাদে রাজপথে নেমেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
গতকাল শনিবার দুপুরে ধামইরহাট উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ‘সচেতন ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, পৌরসভার বৃহত্তর এই সাপ্তাহিক হাটটি ইজারার জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করে প্রশাসন। কিন্তু একটি প্রভাবশালী সিন্ডিকেট পুরো প্রক্রিয়াটি দখলে নিয়ে সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সিডিউল কিনতে বাধা দেয়। সিডিউল কিনতেস ইচ্ছুক এমন অনেক ক্ষুদ্র ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে বঞ্ছিত করা হয়েছে। ফলে প্রতিযোগিতার পথ বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের দাবি, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম টাকায় একমাত্র দরদাতাকে ইজারা প্রদান করা হয়েছে। এতে সরকারি কোষাগারের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুহেল হোসেন, আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিভেন সরকার এবং ব্যবসায়ী রানা ও মনিরুল ইসলাম।
বক্তারা অবিলম্বে এই অস্বচ্ছ ইজারা বাতিল করে আবার স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় দরপত্র আহ্বানের দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় ব্যবসায়ীরা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়েছে।



