বিবিসি
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দণ্ডিত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সাথে শত শত ইমেইল আদানপ্রদানের তথ্য ফাঁস হওয়ার পর সৃষ্ট চাপে পদত্যাগ করেছেন ছয় মহাদেশে বন্দর ব্যবসায় জড়িত ডিপি ওয়ার্ল্ডের প্রধান সুলতান আহমেদ বিন সুলায়েম। গত শুক্রবার দুবাইভিত্তিক এই লজিস্টিক জায়ান্ট এক ঘোষণায় জানায়, সুলায়েম তাদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগ ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে।
প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে এসা কাজিম এবং প্রধান নির্বাহী হিসেবে ইউভরাজ নারায়ণের নাম ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পদত্যাগের পর ডিপি ওয়ার্ল্ড-এর ওয়েবসাইট থেকেও সুলায়েমের ছবি সরিয়ে ফেলা হয়েছে। সম্প্রতি প্রকাশিত নথি ও বিবিসির বিশ্লেষণ বলছে, ২০০৭ সাল থেকেই এপস্টেইনের সাথে সুলায়েমের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাদের মধ্যে ব্যবসা, রাজনীতি, ব্যক্তিগত স্বাস্থ্য এবং এমনকি কুরুচিপূর্ণ কৌতুক নিয়েও ইমেইল বিনিময় হয়েছে।
২০১৩ সালের এক ইমেইলে এপস্টেইন সুলায়েমকে তার ‘সবচেয়ে বিশ্বস্ত বন্ধুদের একজন’ আখ্যা দিয়েছিলেন। তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবসা নিয়ে কথা বলেছেন, দুবাইয়ে ইসলামিক ‘ডিজিটাল’ মুদ্রা প্রচলনের কথাও এসেছে তাদের ইমেইলগুলোতে। নিজের, মেয়ের ও পরিবারের বিভিন্ন সদস্য ও বন্ধুদের স্বাস্থ্য সমস্যা নিয়েও সুলায়েম এপস্টেইনের কাছ থেকে পরামর্শ চেয়েছেন।



