অন্য এক দিগন্ত ক্লাব

কিশোরগঞ্জে হাওরের সঙ্কট মোকাবেলায় আলোচনা

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে গতকাল শুক্রবার বেলা ১১টায় দৈনিক নয়া দিগন্তের মাসিক প্রকাশনা ‘অন্য এক দিগন্ত’ ক্লাবের সদস্যরা এক সভার আয়োজন করেছে। সভায় হাওরাঞ্চলে কেন এত বৃষ্টি, এর প্রতিকার কী এবং এ অঞ্চলে জলবায়ু সঙ্কট মোকাবেলায় কী কী পদক্ষেপ নেয়া উচিত এসব নিয়ে আলোচনা এবং এ অঞ্চলের জলবায়ু বিষয়ে আরো গবেষণা, পরিকল্পিত উন্নয়ন ও আগাম সতর্কতা ব্যবস্থার ওপর জোর দেয়া হয়।

সভায় অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবের পাশাপাশি স্থানীয় নানা কারণে হাওরাঞ্চলে বিপর্যয় বাড়ছে। ক্লাবের সদস্য ও গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী নাসাঈদ রহমতুল্লাহ বলেন, হাওরের তলদেশ ও নদী-নালা পলি পড়ে ভরাট হয়ে গেছে। উন্নয়নের নামে অপরিকল্পিত উঁচু সড়ক নির্মাণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।

করিমগঞ্জ কলেজের শিক্ষার্থী নাফিউল ইসলাম বলেন, অসময়ে অতিবৃষ্টির পেছনে ভৌগোলিক বৈশিষ্ট্যের পাশাপাশি মানবসৃষ্ট পরিবেশগত পরিবর্তন দায়ী। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া জামান সাইকী বলেন, হাওরের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হওয়ায় বিপর্যয় তীব্র হচ্ছে।

সভায় জান্নাতুল নুরেন হাওরাঞ্চলে ঘন রাডার নেটওয়ার্ক ও উন্নত আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা চালুর দাবি জানান, যাতে কৃষকরা আগাম সতর্কতা পেয়ে দ্রুত ধান ঘরে তুলতে পারেন। গুরুদয়াল কলেজের শিক্ষার্থী সাদিক আহমেদ আমির স্বল্পমেয়াদি বোরো ধান চাষের ওপর গুরুত্ব দেন।

ক্লাবের সদস্য তাসিন আহমেদ তৌকির বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কৃষি ও ফসল নির্বাচন নিয়ে নতুন গবেষণা প্রয়োজন। পাশাপাশি হাওরের অর্থনীতিতে কৃষির পাশাপাশি অকৃষি খাতেও গুরুত্ব বাড়াতে হবে।

সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব ও আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন ক্লাবের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক বদরুল হুদা সোহেল।