ঈদের ছুটিতে রাজধানীতে ৯ জনের অস্বাভাবিক মৃত্যুসহ দেশজুড়ে হত্যা-ধর্ষণে উদ্বেগ

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ঈদুল আজহার আনন্দের মাঝেও থামেনি অপরাধের চাকা। রাজধানী ঢাকায় ২৬ থেকে ৩১ মে পর্যন্ত মাত্র পাঁচ দিনে একজন গৃহবধূকে হত্যা এবং ৯ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে গণধর্ষণ, সিলেটে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন, নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা এবং মানিকগঞ্জে এক রাতে তিনজনের মৃত্যু- এই ঘটনাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ঢাকায় ৯ অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক জানান, ২৬ থেকে ৩১ মে পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় একটি হত্যা ও ৯টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সব লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারকে বুঝিয়ে দেয়া হয়। গত ২৯ মে সন্ধ্যায় ভাটারার সোলমাইদ ব্যাপারীবাড়ি এলাকায় গৃহবধূ পূর্ণিমা আক্তারকে (২৫) শ্বাসরোধে হত্যা করে শিশুসন্তান নিয়ে পালিয়ে যায় তার স্বামী। পুলিশ জানায়, স্বামীর সাথে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

২৬ মে রাত ৯টার দিকে দক্ষিণ বাড্ডার দারোগাবাড়িতে চাকরিজীবী মামুনুর রশিদ (৩৫) পারিবারিক কলহের কারণে ঝুলে আত্মহত্যা করেন। ২৭ মে বিকেলে যাত্রাবাড়ীর মাতুয়াইলে স্বামীর সাথে মনোমালিন্যের কারণে গলায় ফাঁস দেন গৃহিণী শ্রাবণী আক্তার পলি (২৮)। ২৮ মে রাত সাড়ে ৯টার দিকে পূর্ব রামপুরায় আর্থিক সঙ্কট ও বেকারত্বের কারণে আব্দুল্লাহ (২৪) ঝুলে আত্মহত্যা করেন। একই দিন ডেমরার ডগাইর এলাকায় প্রেমের সম্পর্ককে ঘিরে পারিবারিক মনোমালিন্যের কারণে প্যাকেজিং কারখানার কর্মী কিশোর শাকিল হোসেন (১৬) গলায় ফাঁস দেয়। ২৯ মে দুপুরে ভাটারার শোলমাইলে ফুটপাথ রাইডার মনির গাজীর (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার হয়। একই দিন রাতে কামরাঙ্গীরচরের পশ্চিম আশ্রাফাবাদে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রিকশাচালক এনামুল ওরফে সুমনকে (২৫)।

অন্য দিকে ২৭ মে বেলা সাড়ে ৩টায় পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে লাফিয়ে পড়ে মারা যান এক অজ্ঞাতনামা যুবক (২৭)। ২৮ মে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনের ফুটপাথ থেকে উদ্ধার হয় এক ভবঘুরে ব্যক্তির (৫০) লাশ। একই দিন দুপুরে ডেমরার মেন্দিপুরে আবাদি জমির পানিতে পড়ে দুই বছরের শিশু অয়ন্তীর মৃত্যু হয়। পরিবার তাকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বেশির ভাগ আত্মহত্যার পেছনে পারিবারিক কলহ, বেকারত্ব ও আর্থিক সঙ্কট কারণ হিসেবে উঠে এসেছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রাঙ্গুনিয়ায় কিশোরীকে গণধর্ষণ

রাঙ্গুনিয়া-কাপ্তাই সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে ঘটনার দিন সন্ধ্যায় মাঠ থেকে ছাগল আনতে যাওয়া এক কিশোরীকে মুখ চেপে ধরে নির্জন জঙ্গলে নিয়ে গণধর্ষণ করে তিন যুবক। অভিযোগ অনুযায়ী, বাদশা মিয়া প্রথমে কিশোরীকে তুলে নিয়ে যায় এবং পরে মাহাবুব ওরফে মাল্লু ও সাইফুলকে ডেকে এনে পালাক্রমে ধর্ষণ করা হয়। অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করে ভুক্তভোগী ও তার পরিবারকে প্রকাশ করার হুমকি দিয়ে পালিয়ে যায়। ভিকটিমের বাবার মামলায় শনিবার পুলিশ প্রধান আসামি বাদশা মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন জানান, বাকি দুই পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে। ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন

সিলেট প্রতিনিধি জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়ায় মো: হাবিল (২৫) তার বন্ধু জুয়েলকে (২৬) খালে ফেলে দিয়ে গলা, পিঠ ও বুকে ধারালো সুইচগিয়ার ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। এলাকাবাসী জুয়েলকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উত্তেজিত জনতা হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটক হাবিল দাবি করেন, তার স্ত্রীর সাথে জুয়েলের অবৈধ সম্পর্ক ছিল। একাধিকবার বোঝানোর পরও কাজ না হওয়ায় তিনি ‘নিজেই বিচার’ করার সিদ্ধান্ত নেন এবং কোনো অনুশোচনা নেই বলেও জানান। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানিকগঞ্জে মা-শিশুসহ তিন খুন

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার রাতে জেলার দু’টি পৃথক ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। দৌলতপুর উপজেলার বাঁচামারা এলাকায় পারিবারিক বিরোধের জেরে আমিনা বেগম (৩০) ও তার দেড় বছরের শিশুসন্তান নিহত হন। এ সময় গুরুতর আহত হন আমিনার স্বামী। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।

একই রাত আনুমানিক সোয়া ১টার দিকে সদর উপজেলার উত্তর পুটাইলে সজিব (২৮) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের দাবি, সজিব একটি ডাকাত দলের নেতৃত্ব দিতেন এবং পূর্ব বিরোধের জেরে হামলা চালানো হয়। মানিকগঞ্জ পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা

নোয়াখালী অফিস জানায়, বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে জোবায়ের হোসেন ওরফে রাকিবকে (২৩) পথরোধ করে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ভাই রিমনকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করে আহত করা হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। ঘটনার তিন-চার দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের সাথে প্রতিপক্ষের কথাকাটাকাটি হয়েছিল। বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান জানান, হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।