ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
৫ আগস্টের পরে চাঁদা না পেয়ে আপনারা পাথর মেরে মানুষ হত্যা করেছেন, হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়েছেন। যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা করতে পারে, তাদের হাতে কেউ নিরাপদ নয়। চাঁদপুরের ফরিদগঞ্জে এক নির্বাচনী জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আয়োজনে শনিবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জনসভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমতায় যাওয়া তিনটি দলের কোনো দল মুক্ত নয়। সৎ লোকদের পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। দেশের বড় বড় আলেমদের কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অতীতে তিনটি দলই দায়িত্ব পালনে লজ্জাজনক ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরিবর্তন আনতে হলে এই তিন দলকে না বলতে হবে। ন্যায়বিচার পেতে জুলাইয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। একটি মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ দেশ গড়ার জন্য মানুষ জীবন দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল, তারা পরিবর্তন চায়। খুনি, চাঁদাবাজ, মাস্তানদের দ্বারা সে পরিবর্তন আসবে না। আমরা ১১ দল সে পরিবর্তন আনব ইনশা আল্লাহ। সেজন্য এই আসনে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। ডা: শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে ইনশা আল্লাহ। ডা: শফিকুর রহমানের সরকার গঠিত হলে কারিগরি কলেজ, স্টেডিয়াম, মহিলা কলেজ, ডাকাতিয়া সংস্কারসহ ফরিদগঞ্জবাসীর প্রাণের দাবিগুলো পূরণ করা হবে। দেশের বিভিন্ন স্থানে আমাদের নির্বাচনী গণসংযোগে বিএনপির বন্ধুরা হামলা করছেন, মা-বোনদের লাঞ্ছিত করছেন। এমনকি তাদের পেটে লাথি মারা হয়েছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে এসব জুলুমের জবাব দিতে হবে। এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার আহ্বান জানান।
চাঁদপুর-০৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা শাখা আমির বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ উপজেলা সেক্রেটারি মো: সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী-কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, চাঁদপুর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি মো: আবুল হোসাইন, মো: হারুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর শাখার শূরা সদস্য ফয়সাল আহমেদ, নেতা শাহ আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মো: রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস মো: মাজহারুল ইসলাম, আব্দুল মান্নান খান উপজেলা আমির মো: ইউনুছ হেলাল, সাবেক আমির হাবিবুর রহমান খান, হাজীগঞ্জ পৌরসভা আমির আবুল হাসনাত, ফরিদগঞ্জ পৌরসভা আমির মিজানুর রহমান, সেক্রেটারি ফখরুল ইসলাম, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, ফরিদগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান শরীফুল ইসলাম, ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি ইব্রাহিম খলিল, সেক্রেটারি মো: হাসিবুল হাসান, কারানির্যাতিত জুলাই যোদ্ধা ফাইয়াজ প্রমুখ।



