রয়টার্স
চলতি সপ্তাহে কংগ্রেসের এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানে আগ্রাসনের ব্যয়ের একটি হিসাব দিয়েছেন। তাদের ধারণা অনুযায়ী, ইরানের সাথে যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত এক হাজার ১৩০ কোটি (১১ দশমিক ৩ বিলিয়ন) ডলার। সংশ্লিষ্ট একটি সূত্র বুধবার এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার মার্কিন সিনেটরদের জন্য আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এ হিসাব দেয়া হয়। তবে এটি যুদ্ধের মোট খরচ নয়। সঙ্ঘাত নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আইনপ্রণেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে এই প্রাথমিক হিসাব দিয়েছে হোয়াইট হাউজ। কংগ্রেসের কয়েকজন সহকারী জানিয়েছেন, যুদ্ধের বাড়তি খরচ মেটাতে হোয়াইট হাউজ দ্রুতই কংগ্রেসের কাছে নতুন তহবিলের আবেদন জানাতে পারে। কিছু কর্মকর্তার মতে, এ আবেদনের পরিমাণ হতে পারে পাঁচ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলার। তবে অনেকে মনে করছেন, যুদ্ধের প্রকৃত খরচ এর চেয়েও অনেক বেশি হতে পারে।
যুদ্ধের সম্ভাব্য স্থায়িত্ব বা ব্যয়ের বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনো জনসমে কোনো স্পষ্ট ধারণা দেয়নি। গতকাল কেন্টাকি সফরের সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধে জয়ী হয়েছি’। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এ লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি। ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু করে।



