রাঙ্গামাটি প্রতিনিধি
পাহাড়ঘেরা পর্যটন শহর রাঙ্গামাটিতে বইছে ঈদের আগাম হাওয়া। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রমজানের মাঝামাঝি সময়েই জমে উঠতে শুরু করেছে কেনাকাটা। শহরের ছোট-বড় বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের দোকান; সবখানেই এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে তৈরি পোশাক, জুতা ও প্রসাধন সামগ্রীর দোকানে পা ফেলার জায়গা নেই।
শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ির মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, উৎসবের আমেজ। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলোতে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। সকাল থেকে রাত অবধি চলছে বেচাকেনা। বনরূপা শপিং কমপ্লেক্স ও হকার্স মার্কেটে থ্রি-পিস, শাড়ি এবং শিশুদের বাহারি পোশাকের সংগ্রহ নজর কাড়ছে সবার।
বিক্রেতারা জানান, রমজানের শুরুর দিকে বাজার কিছুটা মন্দা থাকলেও এখন তা পুরোদমে চাঙ্গা। বনরূপা মার্কেটের এক কাপড় ব্যবসায়ী বলেন, ‘এবার কালেকশন ভালো। মাঝামাঝি সময় থেকেই ক্রেতারা আসতে শুরু করেছেন। আশা করছি, শেষ সপ্তাহে বিক্রি কয়েক গুণ বেড়ে যাবে।’ অনেক ব্যবসায়ী ক্রেতা টানতে বিশেষ ছাড় ও লটারির ব্যবস্থাও করেছেন।
এদিকে ভিড় এড়াতে অনেক পরিবার আগেভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা। রিজার্ভ বাজারে সপরিবারে আসা এক ক্রেতা বলেন, শেষ মুহূর্তের হুড়োহুড়ি আর যানজট এড়াতে এখনই প্রয়োজনীয় পোশাক ও জুতা কিনে নিচ্ছি। তবে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বাড়তি মনে হচ্ছে।
শুধু অভিজাত মার্কেট নয়, ভিড় বেড়েছে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও। সব মিলিয়ে পাহাড়ের এই জনপদে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে কেনাকাটার ব্যস্ততায়। জেলা পুলিশের পক্ষ থেকেও শপিং মলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


