দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলা : নিহত ২

Printed Edition

আনাদোলু

দক্ষিণ লেবাননে গতকাল শুক্রবার নতুন করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় দুইজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থাটি জানায়, গতকাল শুক্রবার দুপুরের আগে নাবাতিহ শহরের হুসাইনিয়া ক্লাবের কাছে একটি যানবাহন লক্ষ্য করে ইসরাইলি ড্রোন দিয়ে দুই দফায় হামলা চালানো হয়। এতে ওই এলাকায় খাদ্য সহায়তা সংগ্রহ করতে আসা দুই ব্যক্তি নিহত এবং একজন আহত হন।

এই হামলায় নাবাতিহ জরুরি সেবা সংস্থার তিনটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি পুরোপুরি অকেজো হয়ে গেছে। তবে উদ্ধারকারী দলের কোনো সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে স্টেট ডিপার্টমেন্টে বৃহস্পতিবার দিনভর তৃতীয় দফার আলোচনা শেষ হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল। স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, শুক্রবারও এই আলোচনা অব্যাহত থাকার কথা রয়েছে। এর আগে শান্তি আলোচনার সূত্রপাত হিসেবে ১৪ ও ২৩ এপ্রিল দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।