সারা দেশে অব্যাহত হত্যা ও ধর্ষণকাণ্ডে ক্ষোভ, আতঙ্ক

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে জমিজমা নিয়ে বিরোধ, খামারের অভ্যন্তরীণ বৈরিতা ও অজ্ঞাত কারণে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বৃদ্ধ ও শ্রমিকসহ পাঁচজন। এ ছাড়া দুই উপজেলায় দুই স্কুলছাত্রীকে পাশবিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে এক মানসিক প্রতিবন্ধী শিশুর অবস্থা আশঙ্কাজনক। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে। গত দুই দিনে দেশের মুন্সীগঞ্জ, বরিশাল, নরসিংদী, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম ও সিরাজগঞ্জে এসব নৃশংসতার ঘটনা ঘটে। পুলিশ বিভিন্ন ঘটনায় তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। এসব ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।

প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন:

টঙ্গিবাড়ীতে বৃদ্ধ নিহত :

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কুড়ালের আঘাতে জরিফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির সীমানা নিয়ে ইউসুফ শেখ ও তার ভাই ইদ্রিস শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধে জরিফ শেখের পরিবার ইদ্রিস শেখের পক্ষ নেয়ায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার সকালে বিরোধকে কেন্দ্র করে বাগি¦তণ্ডার একপর্যায়ে জরিফ শেখের স্ত্রী ফাতেমা বেগমকে মারধরের চেষ্টা করা হলে জরিফ শেখ বাধা দিতে যান। অভিযোগ, এ সময় ইউসুফ শেখ কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত ইউসুফ শেখ (৬৮) ও তার ছেলে পলাশকে (৪০) গ্রেফতার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নরসিংদীতে বাগান মালিককে হত্যা: নরসিংদী প্রতিনিধি জানান, শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের যশোর গ্রামে লটকন পাড়া নিয়ে বিরোধের জেরে গিয়াস উদ্দিন (৬৮) নামে এক বাগান মালিক নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিনের বাগান থেকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক লটকন পাড়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় পাশের গ্রামের ফাইজুল, আমান উল্লাহ, হজরত আলীসহ কয়েকজন তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন গিয়াস উদ্দিন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী ফাইজুল নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। অন্য অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে মশিউর রহমান বাদি হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া।

মুলাদীতে চাচাকে পিটিয়ে হত্যা :

মুলাদী (বরিশাল) সংবাদদাতা জানান, জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামে আনোয়ার হোসেন ঢালী (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজাদের বিরুদ্ধে। নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, আনোয়ার ঢালীর একটি জমি দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই মোস্তফা ঢালী ও তার ছেলে ইমরান ঢালী দখল করে ভোগদখল করছিলেন। গত রোববার দুপুরে জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়।

সেদিন সন্ধ্যায় বাংলাবাজার এলাকায় পান বিক্রি করতে গেলে ইমরান ঢালীর নেতৃত্বে সাত-আটজন ব্যক্তি লাঠিসোটা নিয়ে আনোয়ার ঢালীর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের ভায়রা ভাই রেজাউল করিম সরদার বাদি হয়ে ইমরান ঢালীসহ সাতজনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইমরান ঢালী, মোস্তফা ঢালী, আবু হাওলাদার ও আবুল ফজল রমজানকে গ্রেফতার করেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: সোহেল রানা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

আনোয়ারায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে সংবাদদাতা জানান, আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চাতরী ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাড়ির উঠানে খেলার সময় শিশুটিকে পাশের একটি খালি ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে অন্য শিশুরা জড়ো হলে অভিযুক্ত ঘরের দরজা খুলে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি জানায়।

স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সরিষাবাড়ীতে খামারকর্মীর লাশ উদ্ধার: জামালপুরের সরিষাবাড়ী থেকে সংবাদদাতা জানান, ওমর ফারুক (৩৫) নামে এক মুরগির খামারের কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করে রাস্তার পাশের খাদে ফেলে রাখা হয়েছে। নিহত ওমর ফারুক উপজেলার দীপ্তিবাটী (গারো বাজার) এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মুরগির খামারে কর্মরত ছিলেন। গত রোববার সন্ধ্যায় কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। সোমবার সকালে মহাদান ইউনিয়নের একটি এলাকায় রাস্তার পাশের খাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

ভালুকায় অটোচালকের লাশ উদ্ধার: ময়মনসিংহের ভালুকা থেকে সংবাদদাতা জানান, মোস্তাক (২০) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোস্তাক ফুলবাড়ীয়া উপজেলার দেওখলা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার জানিয়েছে, প্রায় দেড় মাস ধরে তার সাথে তাদের যোগাযোগ ছিল না। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

রায়গঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে অভিযুক্ত অধরা: সিরাজগঞ্জের রায়গঞ্জ সংবাদদাতা জানান, ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এক মাস পার হলেও অভিযুক্ত এখনো গ্রেফতার হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বিচারহীনতা, আর্থিক সঙ্কট এবং আপসের চাপের অভিযোগ তুলেছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্ব লক্ষীকোলা গ্রামের শান্ত (২৫) নামে এক যুবক শিশুটিকে একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবা আব্দুল আওয়াল বলেন, চিকিৎসাব্যয়ে পরিবার প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। অন্যদিকে অভিযুক্ত এখনো গ্রেফতার না হওয়ায় তারা উদ্বেগে রয়েছেন। পরিবারের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন এবং ভয়ভীতি প্রদর্শন করছেন।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।